ফাহমিদা নবীর ২টি ফেসবুক পেজ হ্যাকড
সাইবার সচেতনতা মাসের শুরুতেই হ্যাকড হয়েছে নন্দিত কন্ঠশিল্পীর দুইটি ফেসবুক পেইজ। এর একটি ফাহমিদা নবীর ডায়েরি এবং অন্যটি ফাহমিদা নবী আর্টিস্ট পেজ। তবে তার ভেরিফায়েড অ্যাকাউন্টটি সচল রয়েছে।
সেখানে ফাহমিদা নবী লিখেছেন, ‘আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেজ কে বা কারা আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না। পেজ হ্যাক হয়েছে। এ মুহূর্তে এই পেজ দুটো থেকে আমি হয়ে যদি কেউ কোনো কমেন্ট বা উত্তর দেয়, বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন। উদ্ধারের উপায় খুঁজছি।’
অবশ্য এর আগে এই অ্যাকাউন্টটিও একবার বেদখল হয়েছিলো ১৫ বছর ধরে ফেসবুকে লেখালেখি করা এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরের। এরপর এই অ্যাকাউন্ট থেকেই সোমবার (২ অক্টোবর) গভীর রাতে ফেসবুকে বিপদে পড়ার কথা জানান ফাহমিদা।
সূত্রমতে, পেজ দুটি উদ্ধারে এরই মধ্যে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে সহায়তা চেয়েছেন কারিগরি’র এই সঙ্গীত শিক্ষক।
নিয়মিত সংগীতচর্চার ছাড়াও ফাহমিদা নবী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি তার গানের বিভিন্ন খবর ছাড়াও ফেসবুকে নিয়মিত কবিতাও প্রকাশ করেন।







